ধর্ষণের পর নৃশংসতার শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির প্রিন্স

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:৫২ পিএম


ধর্ষণের পর নৃশংসতার শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির প্রিন্স
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিশু নিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তিনি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আশ্বাস পেয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে ধর্ষণ ও হত্যার শিকার চার বছর বয়সী শিশু নিসার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, নিসার ওপর সংঘটিত এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা পুরো জাতিকে ব্যথিত করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি জানান, ইতোমধ্যে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে এবং তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আইনমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে, এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি প্রশাসন, পুলিশ ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা উল্লেখ করে বলেন, কোনোভাবেই যেন বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় এবং অপরাধীরা আইনের সর্বোচ্চ শাস্তি পায়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

এ সময় তিনি নিহত শিশু নিসার বাবা-মাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর-এর পক্ষ থেকে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে তিনি শিশু নিসার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

আরও পড়ুন

এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, সদস্য সচিব আনসার আলী তুলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission