কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ 

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১২:৩৭ পিএম


কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ 
ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বিভিন্ন যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে এবং দুর্ভোগের শিকার হতে হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে যেতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে লাইন থেকে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে গিয়ে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনে রওনা দেই। আমার মতো শত শত যাত্রী এভাবে চরম বিপাকে পড়েছেন।

এ সমস্যার কারণে ঢাকাগামী কুড়িগ্রাম একপ্রেস ট্রেন রাজারহাট স্টেশনের আগে তিস্তা থেকে ঢাকা চলে যায়। এতে কুড়িগ্রাম থেকে যাতায়াত করতে ঢাকাগামী যাত্রীরা পড়েন বিপাকে। তারা বিভিন্ন যানবাহনে করে তিস্তা গিয়ে সেখানে কুড়িগ্রাম এক্সপ্রেসে উঠে ঢাকা যান।

এ দিকে সকাল ১০টার পর পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া রমনা লোকাল ট্রেনটি আসতে পারছেনা। ফলে এ ট্রেনটিতে চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে।

আরও পড়ুন

কুড়িগ্রাম রেল স্টেশনের ইনচার্জ মোছা. কনিকা আক্তার জানান, যতক্ষণ পর্যন্ত বালুর এ ট্রাক সরানো হচ্ছেনা ততক্ষণ কুড়িগ্রামে ট্রেন প্রবেশ করতে পারছেনা। ট্রাকটি সরানোর কাজ চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তিনি যত দ্রুত সম্ভব এটি সমাধানের আশ্বাস দেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission