এবার সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মর্মান্তিক মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০১:৫২ পিএম


এবার সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মর্মান্তিক মৃত্যু
এবার সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মর্মান্তিক মৃত্যু। ছবি: সংগৃহীত

সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে মাছের রেণু পোনা ধরতে গিয়ে বন্য কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(১৭ জুন) বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে জাল দিয়ে মাছের রেণু পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ একটি বন্য কুমির নদী থেকে উঠে এসে তাকে আক্রমণ করে। একপর্যায়ে কুমিরটি তাকে টেনে নদীর গভীর পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

ঘটনার খবর পেয়ে জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা লাঠিসোঁটা ও দেশীয় সরঞ্জাম নিয়ে কুমিরটিকে ধাওয়া করেন এবং দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য নান্টু গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর চরে পোনার জাল টানার সময় আকস্মিকভাবে কুমিরের আক্রমণের শিকার হন সেলিনা বেগম। স্থানীয়দের সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগের ফলে কুমিরের কবল থেকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের মতে, সুন্দরবন সংলগ্ন নদী ও খালে কুমিরের বিচরণ বৃদ্ধি পাওয়ায় জেলে ও পোনা সংগ্রহকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission