কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, সেলিমা আহমাদ দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল।
সেলিমা আহমাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
১৯৬০ সালের ৭ জুলাই জন্ম নেওয়া সেলিমা আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
২০০১ সালে প্রতিষ্ঠিত বিডব্লিউসিসিআইয়ের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করেন। নারী অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এবং ব্যবসায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী।
আরটিভি/ এসকেডি




