চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, কনটেইনার-কার্গো-জাহাজ চলাচলে রেকর্ড

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১০:৫৩ এএম


চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, কনটেইনার-কার্গো-জাহাজ চলাচলে রেকর্ড
চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, কনটেইনার-কার্গো-জাহাজ চলাচলে রেকর্ড । ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং, কার্গো পরিবহন, জাহাজ চলাচল ও রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান এই সমুদ্রবন্দর সব সূচকেই আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। যা আগের অর্থবছরের ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ-এর তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেশি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ।

জাহাজ চলাচলেও নতুন রেকর্ড হয়েছে। সদ্য শেষ হওয়া অর্থবছরে চট্টগ্রাম বন্দরে মোট ৪ হাজার ৩২৪টি জাহাজ ভিড়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৪ হাজার ৭৭টি। অর্থাৎ জাহাজ আগমন বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে বন্দরে জাহাজ ভিড়েছিল ৩ হাজার ৯৭১টি।

আরও পড়ুন

বন্দরের কার্যক্রমেও এসেছে গতি। আগে একটি কনটেইনারবাহী জাহাজ বন্দরে গড়ে ২ দশমিক ৫৮ দিন অবস্থান করলেও, এখন তা কমে ২ দশমিক ৩৮ দিনে নেমে এসেছে।

দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ এবং কনটেইনার পরিবহনের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। এখানে কনটেইনার ও কার্গো জাহাজের পাশাপাশি নিয়মিত জ্বালানি তেল, তরল প্রাকৃতিক গ্যাস ও তরল গ্যাসবাহী জাহাজও ভিড়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হারবার) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ আরটিভিকে বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের পরিচালন ব্যয় কমে ১ হাজার ৯৫১ কোটি টাকায় নেমে এসেছে। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা। ফলে প্রায় ৪৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

তার ভাষ্য, সরকার ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অটোমেশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই চট্টগ্রাম বন্দরের এই সাফল্য এসেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission