ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা কে খেলবে বিশ্বকাপ ফাইনাল, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:৩৬ পিএম


ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা কে খেলবে বিশ্বকাপ ফাইনাল, জানাল সুপার কম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টার মাঠে অনুষ্ঠিতব্য এই মহারণের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা'র সুপার কম্পিউটার বলছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি।

অপটার ১০ হাজারের বেশি সিমুলেশনের ভিত্তিতে ফাইনালে ওঠার সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তাদের সম্ভাবনা ৫১.৯ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৮.১ শতাংশ।

৯০ মিনিটে কার জয়ের সম্ভাবনা কত?
সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৭ শতাংশ।

ইতিহাস-ঐতিহ্যের লড়াই
ইংল্যান্ড ও আর্জেন্টিনার দ্বৈরথ শুধুই ফুটবলের নয়, ইতিহাস ও আবেগেরও। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি' আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। ১৯৯৮ বিশ্বকাপে টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা, আর ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে প্রতিশোধ নেয় ইংল্যান্ড।

দুর্দান্ত ছন্দে দুই দল
ইংল্যান্ডের হয়ে এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন জুড বেলিংহাম ও অধিনায়ক হ্যারি কেইন। দুজনই করেছেন ৬টি করে গোল। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন পর্যন্ত করেছে ১৭ গোল, যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। শেষ চার ম্যাচে তারা প্রতিটিতেই করেছে তিনটি করে গোল।

মেসির সামনে নতুন ইতিহাস
৪০ ছুঁইছুঁই বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে তিনি করেছেন ৮ গোল এবং একটি অ্যাসিস্ট। ২০২২ ও ২০২৬ দুই বিশ্বকাপেই ১০ বা তার বেশি গোল অবদানের কীর্তি গড়েছেন তিনি, যা বিশ্ব ফুটবলে বিরল এক অর্জন।

মুখোমুখি পরিসংখ্যান
এ পর্যন্ত দুই দলের ১৪টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা জিতেছে ২টি এবং ড্র হয়েছে ৬টি ম্যাচ। বিশ্বকাপে এটি হবে তাদের ষষ্ঠ মুখোমুখি লড়াই।

সুপার কম্পিউটারের পূর্বাভাস
৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা: ৩৮.২%
৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা: ৩২.০%
ড্র হওয়ার সম্ভাবনা: ২৯.৭%

ফাইনালে ওঠার সম্ভাবনা:
ইংল্যান্ড-৫১.৯%
আর্জেন্টিনা-৪৮.১%

আরও পড়ুন

পরিসংখ্যানের বিচারে ইংল্যান্ড সামান্য এগিয়ে থাকলেও ব্যবধান খুবই কম। ফলে সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, বিশ্বকাপের এই সেমিফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত জমে উঠতে পারে রোমাঞ্চকর লড়াই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission