আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্জন পুকুর পাড়ে মানবেতর জীবনযাপনকারী সেই বৃদ্ধা বিমলা রানীর পাশে দাঁড়িয়েছে প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ঐ বৃদ্ধার বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। এই সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নির্জন পুকুর পাড় থেকে ঐ বৃদ্ধাকে সরিয়ে লোকালয়ে এনে ঘর তৈরি করে দেওয়াসহ তার চিকিৎসার বিষয়ে তৎপর আছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামে নির্জন পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিমলা রানী। এ নিয়ে গত সোমবার আরটিভি অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই টনক নড়ে প্রশাসনের।
আরটিভি/এমএইচজে




