রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০১:৩৩ এএম


রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’
পুরো ক্ষেতজুড়ে কাটা অপরিপক্ব কলার কাঁদি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলায় মোহাব্বত আলী (৫০) নামে এক কৃষকের প্রায় ৩ বিঘা জমির ৭০০ কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২ আগস্ট) শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবার (১ আগস্ট) গভীর রাতে শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভুক্তভোগী ওই কৃষকের বর্গাকৃত ৮৯ শতাংশ জমিতে থাকা অপরিপক্ব কলা কেটে জমিতেই ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা পুরো ক্ষেতজুড়ে কাটা অপরিপক্ব কলার কাঁদি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

এ ঘটনায় কৃষক মোহাব্বত আলী একই এলাকার মৃত মোজাম আলীর ছেলে বুলু মিয়াসহ (৫৫) সাতজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী কৃষক মোহাব্বত আলীর দাবি, পূর্ব শত্রুতার জেরে বুলু মিয়া, খাজা মিয়াসহ ৭-৮ জন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে তার প্রায় ৭০০টি কলাগাছ কেটে ক্ষতি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বুলু মিয়া ও খাজা মিয়া বলেন, আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তারা নিজেরাই কলাগাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, কৃষকের ৭০০ কলাগাছ কেটে দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission