দেশের বাজারে আরেক দফা সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দফায় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।
আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে সারাদেশে সোনার নতুন এ দর কার্যকর হচ্ছে। এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ৬০ ডলারে নেমে এসেছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা আজ থেকে বিক্রি হবে দুই লাখ ৬ হাজার ৯০৮ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকায় বিক্রি হবে।
সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।
এর আগে, গত ১৬ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ৫ হাজার ৪৪৭ টাকা। তিনদিনের মাথায় এখন আবার দাম কমানো হলো। ১৬ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয় ওইদিন। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই দামেই দেশের বাজারে বিক্রি হয়েছে সোনা।
সব মিলিয়ে চলতি বছর মোট ৭৮ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে সোনার দাম; যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৩ বার, আর কমানো হয়েছে মাত্র ২৫ বার। আর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস; যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
আরটিভি/এসএইচএম




