ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ভয়ংকর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এর জেরে নিরাপদ বিনিয়োগ ঘিরে নতুন অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। উদ্ভূত পরিস্থিতিতে সোনার দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। ফলশ্রুতিতে আবারও বিশ্ববাজারে দাম বেড়ে গেছে সোনার।
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৮ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময় এপ্রিল ডেলিভারির জন্য ফিউচার গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৯ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকেই নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ছে। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে একাধিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, হামলায় ইরান সরকারের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় লাখো ইসরায়েলি নাগরিককে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সংঘাত বাড়লে সাধারণত সোনার মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়ে। তবে, একইসঙ্গে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যা সুদের হার কমানোর পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে।
বাজার বিশ্লেষক হামিদ হুসাইন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত সোনার জন্য নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়াতে পারে। তবে, জ্বালানি দামের ঊর্ধ্বগতি দীর্ঘ সময় স্থায়ী হলে সুদের হার কমানোর সুযোগ কমে যেতে পারে, এমনকি সুদের হার বাড়ানোর ঝুঁকিও তৈরি হতে পারে। এতে সোনার দাম আরও বাড়ার পথ কিছুটা সীমিত হতে পারে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় মার্কিন ডলারের মান প্রায় ০.৩ শতাংশ বেড়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নিয়েও বাজারে নজর রয়েছে। বুধবার ডোনাল্ড ট্রাম্প সাবেক ফেড গভর্নর কিভেনকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।
ফেডের সাম্প্রতিক ‘বেইজ বুক’ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড সামান্য বেড়েছে, দাম বাড়তে থেকেছে এবং কর্মসংস্থান মোটামুটি স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারে স্পট সিলভারের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৩ দশমিক ৮০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ বেড়ে ২ হাজার ১৭২ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬২ দশমিক ০৭ ডলারে নেমেছে।
প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) সকাল থেকে দেশের বাজারে নতুন সমন্বয়কৃত দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে এখন।
আরটিভি/এসএইচএম





