মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইডের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম।
তিনি বলেন, ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করতে হবে। অন্তত ২ ট্রিপ বা দুইটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে। আশাকরি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে বড় জাহাজটি।
শুক্রবার দুপুরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। সেটি রোববার বন্দর ছেড়ে যাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/এসআর




