দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর সোমবার (২৯ জুন) থেকে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
বাজুসের শনিবার (২৭ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড ও পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা দামে বিক্রি হচ্ছে।
এদিকে, রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা দামে বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।
এর আগে, গত ২৫ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। সর্বশেষ সমন্বয়ে এক লাফে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে সোনার দাম। একই সঙ্গে প্রতি ভরি রুপার দাম বেড়েছে ১৭৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৮২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৫০ বার, যার মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে।
আরটিভি/এসকে



