বাবা-মায়ের খ্যাতির সুবাদে ছোট থেকে অডিশনের বাধা পেরোতে হয়নি তাকে। কিন্তু ভাগ্যের খেলা আর কাকে বলে? মধ্যবয়সে এসে অডিশনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হলো বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। ছবির নাম, ‘লাল সিংহ চড্ডা’।
অভিনেত্রী বলেন, জীবনে কখনও তিনি কোনও ছবির জন্য অডিশন দেননি। এমনকি প্রথম ছবি ‘রিফিউজি’র জন্যও অডিশন দিতে হয়নি।
শোনা যায়, রাকেশ রোশান ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির জন্য বেছে নিয়েছিলেন কারিনাকে। তখনও তাকে অডিশন দিতে হয়নি। এতদিন ভালো ছবি কম করেননি। ‘জব উই মেট’, ‘উড়তা পঞ্জাব’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবি রয়েছে তার ঝুলিতে। কিন্তু কোনোদিন পরিচালক অডিশনের জন্য ডাকেননি। আর এখন, ৪০ বছর বয়সে কোঠায় এসে অডিশন দিতে হচ্ছে। কিন্তু কেন রাজি হলেন কারিনা?
কারিনার স্বামী সাইফ আলি খান বলেন, অনেক তাবড় শিল্পীরা অডিশন দেন। আল পাচিনোর মতো অভিনেতাকেও অডিশন দিতে হতে পারে। এতে অপমান বা ভুল নেই কোথাও। বরং নিজের প্রতিভা দর্শকের সামনে তুলে ধরতে হলে অডিশন জরুরি।

মূলত সাইফের কথাতে অডিশন দিতে রাজি হন কারিনা। বুঝতে পারেন তারকা ভেবে নিজেকে সরিয়ে রাখলে নিজেরই ক্ষতি। তাই শেষমেশ ‘লাল সিংহ চড্ডা’র জন্য অডিশন দিতে রাজি হন তিনি। তাছাড়া আমির খান চেয়েছিলেন এই ছবির জন্য ১০০ শতাংশ তৈরি হয়ে ফ্লোরে আসুন কারিনা। অভিনেত্রী সহ-অভিনেতার এই মতামতকেও গুরুত্ব দিয়েছিলেন।
---------------------------------------------------------------
আরো পড়ুন: আনুশকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন প্রভাস
---------------------------------------------------------------
‘লাল সিংহ চড্ডা’ ছবিটি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘ফরেস্ট গাম্প’। উইনস্টল গ্রুমের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। ১৯৮১ সালের পটভূমিকায় তৈরি হয় ‘ফরেস্ট গাম্প’। আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা উঠে আসে ছবিতে। জন কেনেডির সঙ্গে সাক্ষাৎ, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগদান, জন লেননের সঙ্গে কাটানো মুহূর্ত… সব অভিজ্ঞতাই রয়েছে গাম্পের ঝুলিতে। তাকে নিয়েই গড়ে উঠেছে গল্প। এই চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাংকস। হিন্দি ভার্সনে এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন আমির খান ও বিপরীতেই দেখা যাবে কারিনা কাপুরকে।
জিএ




