কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা, নিজেই জানালেন কারণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৬:৩৪ পিএম


কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা, নিজেই জানালেন কারণ
ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড-দুই অঙ্গনেই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে সফল এই অভিনেত্রীর জীবন আজ অনেকের অনুপ্রেরণার। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠিন সংগ্রামের গল্প, যা সম্প্রতি আবারও সামনে এনেছেন তিনি নিজেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কিশোরীবেলার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে। বিশেষ করে বর্ণবিদ্বেষের কারণে বেশ কষ্টের সময় পার করেছেন তিনি।

‘দ্য টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নতুন স্কুলে প্রথম কয়েক সপ্তাহ ছিল তার জন্য অত্যন্ত কঠিন। সহপাঠীদের সঙ্গে মিশতে পারতেন না, এমনকি ক্যাফেটেরিয়ায় বসে খেতেও অস্বস্তি লাগত।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এতটাই নার্ভাস ছিলাম যে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতাম। কীভাবে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার নিতে হয়, সেটাও জানতাম না। ভেন্ডিং মেশিন থেকে চিপস কিনে বাথরুমে গিয়ে দ্রুত খেয়ে নিতাম, যাতে অন্যদের সামনে পড়তে না হয়।’

তিনি জানান, নিজের গায়ের রঙের জন্য সহপাঠীদের কাছ থেকে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। অনেকেই তাকে ‘ব্রাউনি’ বা ‘কারি’ বলে ডাকত, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল।

আরও পড়ুন

অভিনেত্রীর ভাষ্য, সে সময় নিজেকে একজন ভারতীয়ের চেয়ে বেশি ‘নন-আমেরিকান’ বলে মনে হতো। নতুন পরিবেশে মানিয়ে নিতে তাকে নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে। এমনকি সহপাঠীদের বোঝাতে হয়েছে কেন তিনি ডেটিং বা রাতে বাইরে যাওয়া নিয়ে স্বচ্ছন্দ নন-কারণ তিনি একটি রক্ষণশীল পরিবার থেকে এসেছেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হন প্রিয়াঙ্কা। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান এবং নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। আজ তিনি বিশ্বজুড়ে আত্মবিশ্বাস ও সাফল্যের প্রতীক হয়ে উঠেছেন।

এদিকে দীর্ঘদিন পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় তাকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে ‘মন্দাকিনী’ চরিত্রে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

এছাড়া ২০২৬ সালে জ্যাক এফরনের সঙ্গে তার কমেডি সিনেমা ‘জাজমেন্ট ডে’ মুক্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অমৃতা শের-গিলের বায়োপিক ‘আমরি’ এবং ‘হুইটল’ সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই আন্তর্জাতিক তারকা।
 
আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission