যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন করে কড়াকড়ির মুখে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রাজ্যটিতে সম্প্রতি পরিচালিত এক অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করা হয়েছে। এই লাইসেন্সগুলো এমন হাজারো অভিবাসীকে দেওয়া হয়েছিল, যারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এসব লাইসেন্স বেআইনিভাবে এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল, যাদেরকে তারা বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছে। সংশ্লিষ্ট চালকদের জানিয়ে দেওয়া হয়েছে—৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি না থাকা এক ট্রাকচালক ফ্লোরিডায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করার পর ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর ও বিস্তৃত করেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তবে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ের পেছনে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।
তবে নিউজমের কার্যালয় বলছে, যাদের লাইসেন্স বাতিল হচ্ছে, তাদের সবারই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই লাইসেন্সগুলো দেওয়া হয়েছিল।
বিবিসি বলছে, এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়াই একমাত্র অঙ্গরাজ্য যেখানে বাণিজ্যিক লাইসেন্সের পূর্ণ অডিট শেষ হয়েছে। সদ্য শেষ হওয়া ৪৩ দিনের সরকারি অচলাবস্থার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের অডিট কার্যক্রম বিলম্বিত হয়েছে। লজিস্টিকস ও পরিবহন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম সমুদ্রবন্দর এবং সবচেয়ে বড় কৃষি উৎপাদনভিত্তিক অঙ্গরাজ্য হওয়ায় ক্যালিফোর্নিয়ায় ট্রাকচালকের সংখ্যা অনেক বেশি।
আরটিভি/এআর





