সম্প্রতি জার্মানির এসেন শহরের বিডি কারি হাউস-এ অনুষ্ঠিত হলো দ্য ডর্ম রুম আয়োজিত বহুল প্রতীক্ষিত সঙ্গীতানুষ্ঠান ‘গোল্ডেন টিউন্স ভলিউম–১’। ৯০ থেকে ২০১০ সালের বাংলা ও হিন্দি জনপ্রিয় গানের পরিবেশনায় রঙিন হয়ে ওঠে বাঙালি, ভারতীয়সহ বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমীদের মিলনমেলা। শুরু থেকেই দর্শকদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল জনপ্রিয় মানি ট্রান্সফার অ্যাপ না’লা। সহ-পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে এশিয়ান সুপার শপ, ডেলি খান এবং এস অ্যান্ড এ শপ। তাদের সমর্থনে পুরো অনুষ্ঠানটি আরও বর্ণিল রূপ পায়।
মঞ্চে সুরের জাদু ছড়ান দ্য ডরম রুম–এর সুরমা, আকিব, ইশরাত, শাফায়েত ও ওমায়ের। পাশাপাশি অংশ নেন বাংলাদেশি ও ভারতীয় দুই দেশের প্রতিভাবান শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন সাইদুল, অভিজিৎ, পূর্ণতা, রাইদা এবং ঐন্দ্রিলা। ভারতের শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন সুচন্দ্রা, আনুষ্কা, সৌম্য এবং কৌশিক।
গানের পাশাপাশি ছিল নৃত্য, র্যাফেল ড্র এবং সঙ্গীতভিত্তিক বিভিন্ন খেলা। বিরতির সময় অতিথিদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু এশীয় খাবার, যা আনন্দঘন পরিবেশকে আরও সমৃদ্ধ করে।
দ্য ডর্ম রুম-এর অতিরিক্ত কয়েকটি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উপস্থিত দর্শকরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে পুরো আয়োজন উপভোগ করেন।
প্রবাসী বাংলাদেশি ও এশীয় সম্প্রদায় জানান, জার্মানিতে এমন সাংস্কৃতিক উদ্যোগ তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা করেন।
আরটিভি/এএ





