ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি এই জরুরি সতর্কতা জারি করেন। খবর আল জাজিরার।
পেনি ওং বলেন, বর্তমানে ইরানে অস্ট্রেলীয় নাগরিকদের কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত, তাই বাণিজ্যিক বিমান চলাচল সচল থাকতেই যেন তারা দেশটি ত্যাগ করেন।
ভেনেজুয়েলা সংকটের পর ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপের গুঞ্জনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের জন্য একই ধরণের ‘রেড অ্যালার্ট’ জারি করে অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। পিয়ংইয়ং ও তেহরানের ওপর ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পেনি ওং পরিষ্কার করেছেন যে, পরিস্থিতি আরও অবনতি হলে নাগরিকদের উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে।
আরটিভি/এআর





