পার্কে অভিনব ঘুম প্রতিযোগিতা, বিজয়ী ৮০ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ১২:০৩ পিএম


পার্কে অভিনব ঘুম প্রতিযোগিতা, বিজয়ী ৮০ বছরের বৃদ্ধ
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এবারও অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক আয়োজন‘হানগাং ন্যাপ কম্পিটিশন ২০২৬’। হান নদীর তীরবর্তী ইয়োয়িদো হানগাং পার্কে গত শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলে এই ঘুম প্রতিযোগিতা, যেখানে শতাধিক প্রতিযোগী অংশ নেন।

ব্যস্ত নগরজীবনের মানসিক চাপ ও ক্লান্তি থেকে সাময়িক মুক্তি এবং বিশ্রামের গুরুত্ব তুলে ধরতেই তৃতীয়বারের মতো এই আয়োজন করে সিউল সিটি কর্তৃপক্ষ। প্রায় ১৭০ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই করা অংশগ্রহণকারীদের জন্য যোগ ম্যাট, বিনব্যাগ ও ক্যাম্পিং চেয়ারের মতো আরামদায়ক ব্যবস্থা রাখা হয়।

প্রতিযোগিতার মূল শর্ত ছিল ঘুমিয়ে থাকা অবস্থায় কেউ জেগে উঠলে, দাঁড়ালে, মোবাইল ব্যবহার করলে বা শব্দ করলে তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হবে। বিচারকদের জন্য অংশগ্রহণকারীদের হৃদস্পন্দনও পর্যবেক্ষণ করা হয়, যাতে গভীর ও শান্ত ঘুম নির্ধারণ করা যায়।

এ বছরের আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের সৃজনশীল পোশাক। কেউ রাজকীয় সাজে, কেউ আবার প্রাণীর পোশাকে হাজির হন প্রতিযোগিতায়। এক ২০ বছর বয়সী শিক্ষার্থী জানান, পড়াশোনা ও খণ্ডকালীন কাজের চাপে তিনি দিনে মাত্র ৩–৪ ঘণ্টা ঘুমান, তাই নিজের “ন্যাপ স্কিল” দেখাতেই তিনি অংশ নেন।

অন্যদিকে, ২৪ বছর বয়সী এক ইংরেজি শিক্ষিকা ইনসমনিয়ার সমস্যার কথা জানিয়ে কোয়ালার পোশাকে অংশ নেন, আশা করেছিলেন এতে ঘুম আসতে কিছুটা সাহায্য হবে।

সবশেষে, প্রতিযোগিতায় সবাইকে চমকে দিয়ে বিজয়ী হন ৮০ বছর বয়সী এক ব্যক্তি। তার এই জয় উপস্থিত দর্শক ও আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপের কারণে ঘুমের ঘাটতি একটি বড় সামাজিক সমস্যা। এই আয়োজন সেই বাস্তবতাকেই সামনে নিয়ে আসে।

সিউল সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রিডিং অ্যাট হানগাং পার্ক কর্মসূচির অংশ হিসেবে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও চলবে, যাতে মানুষ প্রকৃতির মাঝে সময় কাটিয়ে মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে।

তথ্য : ইয়াহু নিউজ, সিএনএন, রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission