ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে আলোচিত নাম ‘ককরোচ জনতা পার্টি’। ব্যঙ্গাত্মক এই অনলাইন দলটি অল্প কয়েকদিনেই জনপ্রিয়তায় বড় বড় রাজনৈতিক দলকেও পেছনে ফেলেছে। ইনস্টাগ্রামে দলটির অনুসারী সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে, যেখানে ভারতের ক্ষমতাসীন দলের অনুসারী সংখ্যা প্রায় ৮৮ লাখ।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই এই দলের জন্ম। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই প্রতিবাদ থেকেই ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’।
দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই দল নিজেদের অলস ও বেকার মানুষের কণ্ঠস্বর বলে পরিচয় দেয়।
মূলত বেকারত্ব, প্রশ্নফাঁস, শিক্ষা সংকট ও তরুণদের হতাশা নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও পোস্ট তৈরি করেই জনপ্রিয়তা পেয়েছে দলটি। তাদের পোস্টে রাজনৈতিক ব্যঙ্গ ও তরুণদের ক্ষোভ স্পষ্টভাবে উঠে আসে।
সম্প্রতি এক্স থেকে তাদের পুরোনো একাউন্ট বন্ধ করে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একাউন্ট খুলে আবার সক্রিয় হয়ে যায় তারা।
ভারতের বিভিন্ন বিরোধী নেতাও এই অনলাইন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে তরুণদের ক্ষোভের নতুন প্রতীক হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, মিম ও ব্যঙ্গ দিয়েই এখন ভারতের তরুণ সমাজ নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। আর সেই কারণেই ককরোচ জনতা পার্টি অল্প সময়েই ইন্টারনেট দুনিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরটিভি/জেএমএ



