যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০২:২৯ এএম


যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের বাসে আগুন
ছবি: সংগৃহীত

৫৩ বছরের অপেক্ষা শেষে এনবিএ শিরোপা জয়ের আনন্দে নিউইয়র্কের রাস্তায় নেমে আসে হাজারো উচ্ছ্বসিত সমর্থক। তবে আনন্দোৎসব একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। উল্লাসের মধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয় বিশ্বকাপ দর্শকদের বহনে ব্যবহৃত একটি বাসে, গুলিবিদ্ধ হয় এক কিশোর।

শনিবার (১৩ জুন) রাতে এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচে সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউইয়র্ক নিকস। ১৯৭৩ সালের পর এটিই দলটির প্রথম শিরোপা। ঐতিহাসিক এই জয়ের পর বার, রেস্তোরাঁ ও উন্মুক্ত ভেন্যু থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে সমর্থকেরা। আতশবাজি, ধোঁয়া বোমা আর ‘নিকস ইন ফাইভ’ স্লোগানে মুখর হয়ে ওঠে ম্যানহাটনের বিভিন্ন এলাকা।

স্থানীয় সময় রাত ২টার দিকে টাইমস স্কয়ারে উদযাপনের মধ্যে পায়ে গুলিবিদ্ধ হয় ১৭ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে নিউইয়র্ক অঞ্চলে অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শেষে দর্শকদের বহনকারী প্রায় ১৫টি শাটল বাসকে ঘিরে ধরে শত শত মানুষ। তাদের অনেকেই বাসের ছাদে উঠে পড়ে, কেউ কেউ চালকের আসনেও বসে পড়ে। নিউইয়র্ক সিটি প্রশাসনের ভাড়া করা হলুদ স্কুল বাসগুলোর একটি আগুনে পুড়ে যায়। আরও অন্তত তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

একটি বাসের ছাদে একটি সাইকেল তুলে দেওয়া হয়। ব্রাজিলের সমর্থকদেরও নিকস ভক্তদের সঙ্গে বাসের ছাদে উঠে জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। এ সময় রক্তাক্ত মুখে এক ব্যক্তিকে ভিড়ের মধ্যে হাঁটতে দেখা গেলেও তার আঘাতের কারণ জানা যায়নি।

বিশ্বকাপের বাসে থাকা কানাডিয়ান-মরক্কান বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী ইউসুফ সাবর বলেন, মানুষ আনন্দ প্রকাশ করছে, যদিও একটু সহিংসভাবে। তবে দল জিতলে বিশ্বের নানা জায়গাতেই এমনটা দেখা যায়।

প্রায় দুই ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম নিয়ে মাঠে নামে পুলিশ। ঘোড়সওয়ার পুলিশ সদস্যদের সহায়তায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক খালি করা হয়।

নিউইয়র্কের বাসিন্দা ও রিয়েল এস্টেট এজেন্ট ক্যারল মারিনো বলেন, এটা যেন নববর্ষের উৎসবের চেয়েও বিশগুণ বেশি।

অন্যদিকে বহু বছরের নিকস সমর্থক ডিন ও ক্রিস্টিনা স্মিরোস জানান, জন্মের আগে সর্বশেষ শিরোপা জিতেছিল তাদের প্রিয় দল। জীবদ্দশায় প্রথমবারের মতো দলকে চ্যাম্পিয়ন হতে দেখে তারা ভীষণ আনন্দিত। সূত্র: জেরুজালেম পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission