পাকা পেঁপে দিয়েই করুন চুল ও ত্বকের পরিচর্যা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ , ০৯:২৯ পিএম


পাকা পেঁপে দিয়েই করুন চুল ও ত্বকের পরিচর্যা
ছবি : সংগৃহীত

ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন পেঁপে। পেঁপের মধ্যে এমন উপাদান রয়েছে, যা ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, পাশাপাশি ত্বকের মৃত কোষও দূর করে। চুলের আর্দ্রতা বৃদ্ধিতেও দারুণ কাজ করে পেঁপে, মাথার তালু সুস্থ রাখে। নিয়ম মেনে পেঁপে ব্যবহার করলেই ত্বক ও চুলের উপকার পাবেন। 

চুল ও ত্বক ভালো রাখতে পেঁপের ব্যবহার জেনে নিন-

পেঁপে ও মালাই ফেস প্যাক- পেঁপের খোসায় রয়েছে পাপাইন নামক এনজাইম যা ত্বকের মৃত কোষগুলি এক্সফোলিয়েট করে ত্বক উজ্জ্বল করে। দুধের মালাইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের তারুণ্যতা বজায় রাখে, ত্বক উজ্জ্বল করে এবং শুষ্কভাব রোধ করে। পেঁপের খোসা ব্লেন্ড করে তাতে এক টেবিল চামচ মালাই মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

পেঁপে এবং মধুর ফেস মাস্ক- পেঁপে ত্বকের মৃত কোষগুলি দূর করে ত্বকে প্রাণ ফেরায়। আর, মধু ত্বকে ত্বকে আর্দ্রতা ধরে রাখে। পাকা পেঁপে ম্যাশ করে তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন।

পেঁপে এবং হলুদ ফেস মাস্ক- পেঁপে এবং হলুদের মাস্ক ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে। হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচায়, প্রদাহ এবং হাইপারপিগমেন্টেশন কমায়। পেঁপে এবং হলুদের মিশ্রণটি ত্বককে তারুণ্যময় করে তোলে। নিয়মিত এই মাস্ক ব্যবহার করলে ত্বক সুস্থ ও সতেজ থাকবে।

পেঁপে এবং কলার হেয়ার মাস্ক- কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা চুলকে মজবুত করে তোলে। এতে থাকা ভিটামিন এবং খনিজ চুলে পুষ্টি জোগায়। পাকা পেঁপে এবং পাকা কলা ভালো করে ব্লেন্ড করে চুল ও স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন।

পেঁপে এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক- পেঁপে চুলের জন্যও অত্যন্ত উপকারী। মাথার তালু সুস্থ রাখে। অ্যালোভেরা চুলকে ময়েশ্চারাইজ এবং মজবুত করতে পারে। পাকা পেঁপে ম্যাশ করে তাতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মাস্কটি আপনার চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission