বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিনটি ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সাইকেল রাইড সংগঠনগুলোও এ উপলক্ষে আয়োজন করেছে বিশেষ র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম।
সাইকেলকে বৈশ্বিকভাবে জনপ্রিয় করে তুলতে এই দিবসের পেছনে রয়েছে এক শিক্ষকের দীর্ঘ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি সাইকেলের ব্যবহার ও গুরুত্ব তুলে ধরতে একটি প্রচারাভিযান শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল জাতিসংঘকে সাইকেলের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণে অনুপ্রাণিত করা।
২০১৫ সালে তিনি একটি একাডেমিক প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ শুরু করেন, যা ধীরে ধীরে একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নেয়। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব নিয়ে তার প্রচারণা বিশ্বব্যাপী সাড়া ফেলে।
এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এই প্রস্তাবে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রায় ৫৬টি দেশ সহ-প্রস্তাবক হিসেবে যুক্ত হয়।
তখন থেকেই প্রতি বছর ৩ জুন বিশ্বজুড়ে সাইকেলের উপকারিতা, পরিবেশে এর ইতিবাচক প্রভাব এবং স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হচ্ছে।
আরটিভি/জেএমএ




