কাপড় থেকে কালির দাগ উঠানোর ঘরোয়া সাত পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ০৪:৪১ পিএম


কাপড়, কালির দাগ, উঠানো, ঘরোয়া পদ্ধতি
প্রতীকী ছবি।

আমাদের দৈনন্দিন জীবনে কলম-কালির ব্যবহারের শেষ নাই। কিন্তু এমনও সময় আসে এই কলম বা কালির জন্য সারাদিনের জন্য মন খারাপ হয়ে যায়। কালি হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া আমরা কোনও কিছু লিখতে অক্ষম। তাই, কালি ব্যবহার করা ছেড়ে দেওয়াও যায় না। আর, কালির ব্যবহারে জামাকাপড়ে নিজের অজান্তে দাগ লেগে যেতেই পারে। জামায় কালির দাগ দেখে বিরক্ত হওয়ার পাশাপাশি আমরা চিন্তায় পড়ে যাই এটা ভেবে যে, দাগ উঠবে কীভাবে? জামাকাপড় থেকে কালির দাগ তোলা বেশ ঝক্কির কাজ। কিন্তু, এখন আর আপনার চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এমন কয়েকটি উপায় নিয়ে এসেছি যেগুলো ব্যবহার করে আপনি আপনার জামাকাপড় থেকে কালির দাগ তুলতে পারেন।

চলুন জেনে নিই দাগ তোলার সহজ পদ্ধতিগুলো-

লবণ

জামাকাপড় থেকে কালির দাগ অপসারণের সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হলো দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া। লবণটি লাগান এবং তারপরে একটি ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো করে দাগের ওপর তা লেপন করুন। আপনি এই পদ্ধতিটির পুনরাবৃত্তি করতে পারেন যতক্ষণ না পর্যন্ত দাগটি ভালভাবে উঠছে।

নেলপলিশ রিমুভার

নেলপলিশ তোলার ক্ষেত্রে আমরা সাধারণত যে রিমুভার ব্যবহার করা হয় সেই রিমুভার ব্যবহার করে আপনি কালির দাগ তুলতে পারবেন। অল্প তুলো রিমুভারে ভিজিয়ে তা কালির স্পটে লাগাতে হবে। আপনি এই পদ্ধতিটির পুনরাবৃত্তি করতে পারেন যতক্ষণ না পর্যন্ত দাগটি ভালভাবে উঠছে। দাগ উঠে যাওয়ার পরে কাপড়টি ধুয়ে ফেলতে পারেন।

ভুট্টার পেস্ট

ভুট্টার পেস্টও কালির দাগ অপসারণ করতে ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ দুধ এবং ভুট্টা বেটে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন এবং পেস্টটি কাপড়ে লাগা কালির দাগের উপর প্রয়োগ করুন। এরপর পেস্টটি ভালোভাবে কাপড়ের ওপর বসতে দিন এবং শুকনো হতে দিন। পেস্টটি শুকিয়ে যাওয়ার পরে, আপনি দাগ থেকে পেস্টটি তুলে ফেলতে পারেন।

হেয়ার স্প্রে

কাপড় থেকে কালির দাগ তুলতে আপনি হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হলো, কালির দাগের ওপর হেয়ার স্প্রে লাগান এবং স্পটটি না ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।

ভিনেগার

জামাকাপড় থেকে কালির দাগ অপসারণে ভিনেগার অন্যতম উপায়। ২ চামচ ভিনেগারের সাথে ৩ চামচ ভুট্টা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। যেই জায়গায় কালি লেগেছে সেখানে ভিনেগার লাগান। স্পটটি ভালভাবে ভিজে যাওয়ার পরে তার উপর পেস্টটি লাগিয়ে তা শুকিয়ে নিন। কাপড় থেকে দাগ উঠে গেলে, কাপড়টি ধুয়ে ফেলুন।

টুথপেস্ট

এটি সম্ভবত প্রতিটি ফ্যাব্রিক এবং সব ধরনের কালির ক্ষেত্রে কাজ নাও করতে পারে। তবুও, আপনি আপনার পোশাক থেকে কালির দাগ অপসারণ করতে অল্প পরিমাণে নন-জেল টুথপেস্ট ব্যবহার করতে পারেন। স্পটটিতে অল্প পরিমাণ টুথপেস্ট লাগান এবং কাপড়টি ঘষুন। যদি দাগ উঠতে শুরু করে তাহলে আপনি এটির পুনরাবৃত্তি করতে পারেন পুরোপুরি দাগ না ওঠা পর্যন্ত।

লেবুর রস

বেশি পরিমাণে লেবুর রস দিয়েও দাগ দূর করা যায়। এক্ষেত্রে দাগের স্থানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ঘসে দাগ তুলে ফেলুন। এরকম কয়েকবার করতে পারেন।

 

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission