পেটের ব্যথা, গ্যাস বা অস্বস্তিকে আমরা অনেক সময়ই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এসব সাধারণ উপসর্গের আড়ালেই লুকিয়ে থাকতে পারে পেটের ক্যানসারের মতো মারাত্মক রোগ। সময়মতো লক্ষণগুলো চিনে ফেলতে পারলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়।
দীর্ঘদিনের বদহজম ও বুকজ্বালা
নিয়মিত অ্যাসিডিটি বা বুকজ্বালা হলে তা অবহেলা করা উচিত নয়। যদি ওষুধেও না কমে বা খালি পেটেও জ্বালাপোড়া অনুভূত হয়, তাহলে এটি সতর্ক সংকেত হতে পারে।
অল্প খেলেই পেট ভরে যাওয়া
সামান্য খাবারেই পেট ভরে যাওয়ার অনুভূতি অস্বাভাবিক। পেটের ভেতরের কোনো পরিবর্তনের কারণে এমন হতে পারে, বিশেষ করে এর সঙ্গে ওজন কমতে থাকলে বিষয়টি আরও গুরুত্বের।
কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
ডায়েট বা ব্যায়াম ছাড়া হঠাৎ ওজন কমে যাওয়া ভালো লক্ষণ নয়। শরীরের ভেতরে ক্যানসার কোষ শক্তি ব্যবহার করার কারণে দ্রুত ওজন কমে যেতে পারে।
বমিভাব ও বমি
বারবার বমিভাব হওয়া বা খাবারের পর বমি হওয়া সতর্ক সংকেত। বমিতে রক্ত বা কফির মতো কালচে রঙ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
দীর্ঘস্থায়ী পেটব্যথা
পেটের উপরের অংশ বা মধ্যখানে দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে তা সাধারণ গ্যাস নাও হতে পারে। ব্যথা ধীরে ধীরে বাড়লে বা বারবার ফিরে এলে পরীক্ষা করা জরুরি।
পায়খানায় রক্ত বা কালো মল
মল কালো, আঠালো বা রক্ত দেখা গেলে তা ভেতরের রক্তক্ষরণের ইঙ্গিত হতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। যা কখনোই অবহেলা করা উচিত নয়।
অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
সবসময় ক্লান্ত লাগা বা শরীরে শক্তি না থাকা রক্তস্বল্পতার লক্ষণ হতে পারে। এটি শরীরের ভেতরে ধীরে ধীরে রক্তক্ষরণের কারণেও দেখা দিতে পারে।
আরও কিছু সতর্ক সংকেত
ক্ষুধামান্দ্য, খাবার গিলতে সমস্যা, খাওয়ার পর পেট ফাঁপা বা অস্বস্তি এবং রক্তস্বল্পতাও গুরুত্বপূর্ণ সতর্ক লক্ষণ।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ সমস্যার মতো মনে হওয়ায় মানুষ গুরুত্ব দেন না। কিন্তু একাধিক লক্ষণ যদি দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পেটের ক্যানসার সাধারণত হঠাৎ বড় কোনো লক্ষণ দেখায় না, বরং ধীরে ধীরে শরীরে সংকেত দেয়। তাই শরীরের ছোট পরিবর্তনগুলোকে গুরুত্ব দেওয়াই হতে পারে বড় বিপদ এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।
আরটিভি/জেএমএ



