নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেকেই বাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ব্যবহার করেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই ক্যামেরাগুলো আরও সাশ্রয়ীও হয়ে উঠেছে। তবে ক্যামেরার অবস্থান সঠিক না হলে, এটি চুরি ঠেকানোর বদলে অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে।
ক্যামেরার কার্যকারিতা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে তাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।
বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর সময় সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক।
ক্যামেরা এমন স্থানে বসাতে হবে, যেখানে এর দৃষ্টিসীমায় স্থায়ী বা অস্থায়ী বাধা তৈরি করতে পারে, এমন বস্তু না থাকে। গাছপালা বা ঝোপঝাড়ের মতো বস্তু বা যেগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ে, এমন কিছু ক্যামেরার ধারণ করা দৃশ্যে বাধা তৈরি করতে পারে।
ঘরের ভেতর ক্যামেরা বসানোর সময়ও খেয়াল রাখতে হবে—দরজা বন্ধ হলে বা পোষা প্রাণী কোনো স্থানে ঘন ঘন বসে থাকলে ক্যামেরার কার্যকারিতা ব্যাহত হতে পারে।
বাইরের দৃশ্য নজরে রাখার জন্য অনেকেই কম খরচের অভ্যন্তরীণ ক্যামেরা জানালার দিকে তাক করে রাখেন, কিন্তু জানালার কাচের মধ্য দিয়ে ক্যামেরা বসানো এড়িয়ে চলতে হবে। কারণ এতে কাচে আলো প্রতিফলিত হয়ে ক্যামেরার ফুটেজ ঝাপসা হয়ে যায়; সূর্যালোক কিংবা রাতে গাড়ির হেডলাইটের আলো এই সমস্যা আরও প্রকট করে তোলে।
এছাড়াও, বাইরের ক্যামেরার লেন্স সামান্য নিচের দিকে ঝুঁকিয়ে বসাতে হবে। এতে সরাসরি আকাশ থেকে আসা আলো কমবে এবং অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকেও ক্যামেরা রক্ষা পাবে।
ছায়াযুক্ত স্থানে বসালে ক্যামেরার কার্যকারিতা আরও বাড়ে। গরম বাতাস বা ধোঁয়ার সংস্পর্শ ক্যামেরার লেন্স ধূসর করে দেয় এবং উচ্চ তাপমাত্রা ক্যামেরার ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি করতে পারে, তাই তাপ ও ধোঁয়ার উৎস থেকে দূরে থাকতে হবে। চিমনি, হিটার কিংবা ভেন্টিলেশন সিস্টেমের কাছাকাছি ক্যামেরা বসানো এড়িয়ে চলতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে নজর রাখতে হবে প্রবেশপথে, অন্ধকার অংশে নয়। চোরেরা সাধারণত সামনের দরজা, পেছনের দরজা বা নিচতলার জানালা দিয়ে প্রবেশ করে, তাই এই স্থানগুলোয় ক্যামেরা বসাতে হবে এবং নিশ্চিত করতে হবে এটি যেন সহজে দেখা যায়।
গবেষণায় দেখা গেছে, দৃশ্যমান ক্যামেরা বেশির ভাগ সময় চোরদের নিরুৎসাহিত করে। নিজের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে, নিরাপত্তা ক্যামেরা এমনভাবে বসাতে হবে, যাতে সেটি নজরে পড়ে, কিন্তু নাগালের বাইরে থাকে।
সর্বশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মটি হলো প্রতিবেশীর গোপনীয়তা লঙ্ঘন না করা। সিসিটিভি ক্যামেরা প্রতিবেশীর জানালা বা উঠানের দিকে তাক করা থেকে বিরত থাকতে হবে। এটি আইনগত জটিলতা তৈরি করতে পারে।
পাশাপাশি ক্যামেরার দৃষ্টিসীমানায় শুধুই নিজের সম্পত্তি রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। (সূত্র: জেডডিনেট ডটকম)
আরটিভি/এএইচ





