সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ নেতাদের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিবরণ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে থাকা নৃবিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আরিফ ইশতিয়াক রাহুল।
পরে তার এ পোস্ট নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতে তিনি ফেসবুকে আরও কয়েকটি পোস্ট করেন। এদিকে সামনে এসেছে গত ২৬ ফেব্রুয়ারি করা তার আরেকটি ফেসবুক পোস্ট। যাতে তিনি প্রশ্ন তুলেছিলেন ছাত্রলীগের দায়-দ্বায়িত্ব নিয়ে।
তিনি বলেছেন, লোভী-দুর্নীতিবাজ-চোরচোট্টা এমপি-মন্ত্রীদের ডিফেন্ড করাই কি ছাত্রলীগের কাজ?
ওই পোস্টে তিনি লিখেন, যারা এ যুগের সন্তান, ছাত্রলীগ করে, তারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের লোভী-দুর্নীতিবাজ-চোরচোট্টা এমপি-মন্ত্রীদের ডিফেন্ড করে?
আওয়ামী লীগের বেশিরভাগ এমপি-মন্ত্রী ও আমলারা দুর্নীতি-স্বজনপ্রীতি করেছে— এটা তো সত্যই। এদের ডিফেন্ড করা, রচনা লিখে সৎ প্রমাণ করা কি ছাত্রলীগের কাজ?
তিনি আরও লিখেন, তোমরা বাপু গায়ে-গতরে খেটে রাজনীতি করেছ, হারাম টাকায় বাড়ির একটা পর্দাও কিনেছো বলে মনে হয় না, তাহলে তোমরা কেন চোরদের দালালি করো? রাজনীতির অর্থ কি চোরচাট্টাদের দালালি করা?
দলের সবাই তো চুরি-চামারি করেনি, করেছে নির্দিষ্ট কিছু লোক। তারা অপাংক্তেয় হয়ে যাক না, ক্ষতিটা কোথায়?
আরটিভি/এমএইচজে



