মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট, মুছেও রক্ষা পাচ্ছেন না পাকিস্তানি তারকা পেসার

আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৭:২৬ পিএম


মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট, মুছেও রক্ষা পাচ্ছেন না পাকিস্তানি তারকা পেসার
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজ ও পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নামার আগেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছেন নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে বিপাকে পড়ে গেছেন পাকিস্তানের এই তারকা পেসার। তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত পিএসএল ২০২৬-এর উদ্বোধনী দিনে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের কন্যা মারিয়ম নেওয়াজ। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে সেটি রি-টুইট করেন নাসিম শাহ।

রি-টুইটে পাকিস্তানি পেসার লিখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

বিজ্ঞাপন
আরও পড়ুন

পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই আবার সেটি মুছে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নাসিম শাহ আরেকটি পোস্টে দাবি করেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তিনি মাত্রই তা পুনরুদ্ধার করেছেন। তবে, তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং বোর্ডের মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। ধারণা করা হচ্ছে, পিসিবির আচরণবিধির ২.২৩ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেখানে বোর্ড বা কোনো অফিশিয়াল সম্পর্কে জনসমক্ষে নেতিবাচক মন্তব্য করা নিষিদ্ধ। এর আগে, একই ধরনের রাজনৈতিক মত প্রকাশের দায়ে অলরাউন্ডার আমির জামালকে বড় অঙ্কের জরিমানা করেছিল পিসিবি।

বিজ্ঞাপন

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাসিম শাহর বক্তব্য সরাসরি শোনার পরই তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজই পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের এই তারকা পেসারের।

আরটিভি/এসএইচএম   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission