শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। এ নিয়ে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংষ্করণে প্রথম পাকিস্তানি হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় পাকিস্তান। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৬.২ ওভারে ১ উইকেটে ১০৬ রান তোলে শ্রীলঙ্কা। এরপরই ফাহিম আশরাফের পেস তোপে পড়ে লঙ্কানরা। স্কোর বোর্ডে আর ১৮ রান যোগ করতেই গুটিয়ে যায় সফরকারীদের ব্যাটিং ইনিংস।
ইনিংসের ১৯তম ওভারের শেষ তিন বলে দাসুন শানাকা, ইসুরু উদানা ও মাহেলা উদাওয়াত্তের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। তবে কোনো পাকিস্তানি বোলারের এই প্রথম।শেষ পর্যন্ত ৩ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে হ্যাটট্রিক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উঠতি সেনসেশনকে।
হ্যাটট্রিক করার দিক দিয়ে অবশ্য বেশ এগিয়ে পাকিস্তানিরা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি পাকিস্তানের ১২তম হ্যাটট্রিক।
ফাহিমের হ্যাটট্রিকের দিনে নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয়ে পেতে ইনিংসের শেষ বল পর্যন্ত তাদের খেলতে হয়। ফাহিম হ্যাটট্রিক করলেও ব্যাটে-বলে অনবদ্য পারফরম করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাদাব খান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেছে পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে রোবরার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এ দিয়ে ফের সন্ত্রাস কবলিত দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
ডিএইচ




