সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। যার ফলে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আগের ৯ নম্বরেই অবস্থান করছে মেহেদী হাসান মিরাজের দল। এতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার দৌড়ে টিকে রইল টাইগাররা।
সোমবার (১১ মে) বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
যেখানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। তাদের রেটিং পয়েন্ট ৮৪। বাংলাদেশের ঠিক নিচে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং ৭৪। তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ১০ পয়েন্টের। এই ব্যবধান আগে ছিল ৬ পয়েন্টের। তাই বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরেকটু বাড়ল বাংলাদেশের।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা কিউইদের নামের পাশে ১১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯। ফলে শীর্ষ তিনে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে তারা।
আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ এর মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোর ফলাফলকে ৫০ শতাংশ ধরে পয়েন্ট হিসাব করা হয়েছে।
২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকা সেরা আটে অবস্থান করায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হবে। ফলে নবম স্থানটিও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরটিভি/এসআর



