আল নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৮:৪৬ এএম


আল নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর
ছবি: সংগৃহীত

গত ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছে পর্তুগিজ এই সুপারস্টার।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, ‘আল নাসর ফরএভার।’

৪০ বছর বয়সেও মাঠে ফুরিয়ে যাননি রোনালদো। ২০২৫ সালে পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতে নিজের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি। সাম্প্রতিক ফর্ম দেখে বিভিন্ন ক্লাবই তাকে দলে চাওয়ার আগ্রহ দেখায়, বিশেষ করে এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কিছু দল। 

এমন পরিস্থিতিতে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো পর্যন্ত আশঙ্কা করেছিলেন, রোনালদোকে ধরে রাখা কঠিন হতে পারে। তবে রোনালদো নিজেই গুজব থামিয়ে দেন জুনের শুরুতে, ‘প্রায় কিছুই বদলাবে না। আমি থাকছি আল নাসরেই’।

২০২২ সালের ডিসেম্বর মাসে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৫ গোল করে জেতেন গোল্ডেন বুট।

রোনালদোর ব্যক্তিগত সাফল্য থাকলেও আল নাসর এখনও পর্যন্ত সৌদি লিগ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। এখন পর্যন্ত তার একমাত্র ক্লাব ট্রফি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission