টাইগারদের পাওয়ার হিটিংয়ে নতুন যুগের সূচনা, আগস্টেই আসছেন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১১:১১ এএম


জুলিয়ান উড
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য দেখাতে হলে ‘পাওয়ার হিটিং’ এখন অপরিহার্য। এই দিকেই এতদিন পিছিয়ে ছিল বাংলাদেশ জাতীয় দল। তবে সেই দুর্বলতা কাটাতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বখ্যাত ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আসছেন টাইগারদের শট খেলার দক্ষতা বাড়াতে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী আগস্টেই তিন সপ্তাহের জন্য ঢাকায় আসছেন জুলিয়ান উড। সেপ্টেম্বরের এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ব্যাটারদের সঙ্গে কাজ করবেন তিনি। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই ইংলিশ কোচের।

উল্লেখ্য, চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাদের মতো ব্যাটারদের আরও ধারালো করতেই এমন উদ্যোগ বিসিবির।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হিসেবে কাজ করেছিলেন জুলিয়ান উড। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনিও বিষয়টি নিশ্চিত করে বলেন, "হ্যাঁ, আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলেছি। আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি। যদিও এখনো চূড়ান্ত নয়, তবে আশা করছি হয়ে যাবে।"

তিনি আরও বলেন, "সাদা বলের ক্রিকেটে এখন বল স্ট্রাইকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য থাকবে খেলোয়াড়দের নিজেদের শক্তি চিনে তা কার্যকরভাবে কাজে লাগানোর পদ্ধতি শেখানো। আমি এই সফরের জন্য খুবই উচ্ছ্বসিত।"

উল্লেখযোগ্য যে, ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে বিপ্লব আনার নেপথ্য কারিগরদের একজন ধরা হয় উডকে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

এছাড়া বিসিবি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগেরও চিন্তা করছে। ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতেই এই সিদ্ধান্ত। 

এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানান, "আমরা চাই মানসিক প্রস্তুতির জন্য একজন স্পোর্টস সাইকোলজিস্ট থাকুক। সঙ্গে একজন স্থানীয় সহকারী রাখারও পরিকল্পনা রয়েছে, যাতে ভাষাগত জটিলতা না থাকে।"

আরও পড়ুন

জানা গেছে, এ পদে ডেভিড স্কটকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি। এর আগে তিনি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। টাইগারদের পাওয়ার হিটিংয়ে এই উদ্যোগ বাংলাদেশের টি-টোয়েন্টি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission