নেদারল্যান্ডসের জাতীয় দলের পেসার ভিভিয়ান কিংমা ডোপ টেস্টে ধরা পড়ার কারণে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। এই শাস্তি আইসিসি দিয়েছে, কারণ ১২ মে উট্রেখটে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু'র ম্যাচের পর নেওয়া নমুনায় তিনি বেনজয়লেকোগনিন (কোকেনের একটি বিপাকজাত পদার্থ) পজিটিভ হয়েছেন।
কিংমা ইতিমধ্যে স্বীকার করেছেন যে তিনি প্রতিযোগিতার বাইরে এই নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছিলেন। ১৫ আগস্ট ২০২৫ থেকে এই তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যদি তিনি প্রমাণ করতে পারেন যে কোনো অনুমোদিত চিকিৎসা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন, তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ সর্বোচ্চ এক মাসে নামানো যেতে পারে। তবে অভিযোগের পর তিনি যে ম্যাচ খেলেছেন, সেগুলোর ব্যক্তিগত পরিসংখ্যান বাতিল করা হয়েছে।
কিংমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৪ সালে ওয়ানডেতে, দুই বছর পর টি-টোয়েন্টি দলে। জাতীয় দলের হয়ে ৩০ ওয়ানডেতে ৪০ এবং ২৬ টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। তবে সাম্প্রতিক বাংলাদেশ সিরিজে তিনি দলে ছিলেন না।
আরটিভি/এসকে




