ভারতের বিপক্ষে চলতি এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়ে দু’বারই হেরেছে পাকিস্তান। তবে সেই ব্যর্থতা ভুলে এখন শুধু ফাইনালের দিকেই নজর দিয়েছেন দলের কোচ মাইক হেসন। তার মতে, রোববার (২৮ সেপ্টেম্বর) ট্রফি জিততে পারলেই সব সমালোচনার জবাব মাঠেই দেওয়া হবে।
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর হেসন বলেন, আমি ছেলেদের শুধু খেলার দিকেই মনোযোগ দিতে বলেছি। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ থাকে, উত্তেজনাও থাকে। এর প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতে পারে। তবে আমরা ক্রিকেটের বাইরের কিছু নিয়ে ভাবছি না, শুধু খেলা নিয়েই চিন্তা করছি।
এশিয়া কাপে ভারতের কাছে দু’বার হারের পরও আত্মবিশ্বাসী পাকিস্তান কোচ। তিনি বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়েই ফাইনালে উঠেছি। এবার সেটার সদ্ব্যবহার করতে হবে। ভারতকে হারানোর নীল নকশা তৈরি হয়ে গেছে, মাঠে সেটা বাস্তবায়ন করাই মূল লক্ষ্য।
আগের দুই ম্যাচের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে হেসন যোগ করেন, ১৪ ও ২১ তারিখে ভারতের কাছে হেরেছিলাম। প্রথম ম্যাচে আমরা ওদের নিয়ন্ত্রণের সুযোগ দিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে দীর্ঘসময় চাপ তৈরি করতে পেরেছিলাম। তবে আসল হলো ফাইনাল। ওটাই আমাদের ট্রফি জেতার সুযোগ। সেই ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।
রোববারের মহারণে তাই সব নজর থাকবে ভারত-পাকিস্তান লড়াইয়ে। হেসনের পরিকল্পনা এবার কতটা কাজে লাগে, সেটিই দেখার বিষয়।
আরটিভি/এসকে/এস




