সূর্যকুমার যাদবকে যে কারণে সতর্ক করল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:২০ পিএম


সূর্যকুমার যাদব
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের ফাইনালের আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপে এ প্রথমবারের মতো এমন ফাইনাল হতে যাচ্ছে।

সূত্র জানিয়েছে, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমারের এক মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ জানিয়েছিল। সংবাদ সম্মেলনে সূর্যকুমার জয়টি উৎসর্গ করেছিলেন পেহেলগামে নিহতদের ও ভারতের সশস্ত্র বাহিনীকে। এ সময় তিনি ‘অপারেশন সিঁদুর’ শব্দ ব্যবহার করেন, যা নিয়ে আপত্তি তোলে পিসিবি। তাদের দাবি, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত।

এশিয়া কাপের এই আসর ঘিরে ভারত-পাকিস্তানকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগে পাকিস্তান অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদিও পরে পাইক্রফট বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার হবে ভারতের আরেকটি অভিযোগের শুনানি। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাহিবজাদা ফরহান ও হারিস রউফের মাঠের ভঙ্গিমা নিয়ে বিসিসিআই আপত্তি জানিয়েছে। ফরহান অর্ধশতক করার পর একে-৪৭ চালানোর ভঙ্গিতে উদযাপন করেন, আর হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেন। ভারতের দাবি, এসব আচরণ সামরিক বাহিনীকে কটাক্ষ করার উদ্দেশ্যে করা হয়েছে।

আরও পড়ুন

আইসিসি এখন দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ যাচাই করছে। তবে শেষ পর্যন্ত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরটিভি/এসকে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission