সিরিজ বাঁচানোর লড়াইয়ে শনিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে গেছে টাইগাররা। তাই আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই তামিম-মিরাজদের।
অন্যদিকে, আফগানিস্তান চাইছে বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়তে।
প্রথম ম্যাচে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচেও তাদের ওপেনিংয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে খেলবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেও নাঈম শেখের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।
মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। স্পিন আক্রমণে বৈচিত্র্য আনতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এদিকে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমানের একাদশে ফেরা প্রায় নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। ফলে এই ম্যাচে দুই পেসার ও দুই স্পিনারের সমন্বয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসী সূচনা করলেও ওয়ানডের প্রথম ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ২০ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানিস্তান জিতেছে ৯ ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
আরটিভি/এসকে




