২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা টাইগারদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজগুলোতে জয়ের ধারায় ফিরতে হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে নবম স্থানে উঠতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।
বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে আফগানদের পরাজিতও করে, তাহলেও র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্ট পেলেও দশম স্থানেই থাকবে টাইগাররা। এরপর র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য নজর রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজে।
সেখানে যদি বাংলাদেশ দুটি ম্যাচে জয় পায়, তবে নবম স্থানে উঠে আসা সম্ভব হবে। কিন্তু আফগানিস্তান সিরিজে হারলে, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ছাড়া বিকল্প থাকবে না।
আরও একটি বড় চ্যালেঞ্জ হলো ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন বাংলাদেশের তুলনায় বেশি ওয়ানডে খেলার সুযোগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ ২০২৬ সালে যা ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী অনেক দেরিতে।
তাই ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে জায়গা করে নিতে হলে এখনই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জয়ের ধারায় ফিরতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবিতে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচ ১৪ অক্টোবর, এরপর ১৮ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আরটিভি/এসকে




