দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নারী বিপিএল’। আগামী ৪ এপ্রিল থেকে পর্দা উঠবে এই আসরের, যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী বিপিএল আয়োজনের বিষয়টি বিসিবির পরিকল্পনায় ছিল দীর্ঘদিনের। তবে নানা কারণে এর আগে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ পুরুষ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিন বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ২০২৬ সালেই নারীদের জন্য আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী এবার সব প্রস্তুতি গুছিয়ে এনেছে বোর্ড।
বিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামের প্রধান ক্রিকেট ভেন্যুগুলোতে। খুব শীঘ্রই টুর্নামেন্টের দলগুলোর নাম, লোগো এবং বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হবে।
বিশ্বের অনেক দেশ নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে অনেক দূর এগিয়ে গেলেও বিসিবি এবারই প্রথম এমন বড় উদ্যোগ হাতে নিয়েছে। অস্ট্রেলিয়া (ডব্লিউবিবিএল), ভারত (ডব্লিউপিএল), ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো অনেক আগে থেকেই নারীদের জন্য জমকালো লিগ আয়োজন করে আসছে। বিলম্বে হলেও বাংলাদেশের এই যাত্রা নারী ক্রিকেটারদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা প্রতিভাবান নারী ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণ করার এক বিশাল মঞ্চ হতে যাচ্ছে।
ভার্চুয়াল এই সভায় বিসিবি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিষিদ্ধ করার বিষয়টি। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হয়ে আসলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার দায়িত্ব আরও এক মাসের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আরটিভি/এআর




