লস অ্যাঞ্জেলেসে ৩-০ গোলে হারের পর ক্ষোভ প্রকাশ করেও কোনো শাস্তির মুখে পড়ছেন না লিওনেল মেসি। ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে কথা-কাটাকাটিতে জড়াতে এবং খেলা শেষে প্রতিবাদ জানাতে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ম্যাচ শেষে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রেফারি দল স্টেডিয়ামের ভেতরের দিকে যাচ্ছেন এবং সেই সময় মেসিও তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে ফিরিয়ে আনেন। এরপর দুজন একসঙ্গে নিজেদের দলের কক্ষে ফিরে যান।
এ ঘটনায় অনেকের ধারণা ছিল, মেসি রেফারিদের বিশ্রামকক্ষে প্রবেশ করেছেন। এমনটা হলে তাকে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারত। তবে বিষয়টি নিয়ে তদন্ত করে মেজর লিগ সকার কর্তৃপক্ষ জানায়, মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি এবং নিয়মভঙ্গের মতো কোনো কাজও করেননি। ম্যাচ শেষে কোনো কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেননি।
এদিকে ‘মায়ামি হেরাল্ড’এর সাংবাদিক মিচেল কুপম্যান জানান, মেসি যে দরজার দিকে গিয়েছিলেন সেটি রেফারিদের কক্ষ ছিল না এবং সেটি নিষিদ্ধ এলাকাও নয়। রেফারিদের কক্ষ ছিল আলাদা স্থানে, সিঁড়ি বেয়ে ওপরে, যেখানে সতর্কতামূলক চিহ্নও ছিল।
অন্যদিকে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে জানান, তিনি মেসিকে রেফারির ওপর ক্ষুব্ধ হতে দেখেননি। তার ভাষায়,না, আমি কিছু দেখিনি। ম্যাচ শেষ হতেই আমি ড্রেসিংরুমে চলে যাই।
এখন পর্যন্ত শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসেনি। সাধারণত ম্যাচ সপ্তাহের আগেই এ ধরনের সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ না পাওয়ায় মেসি নিষেধাজ্ঞা এড়াতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে কোনো বাধা থাকছে না।
আরটিভি/এসকে




