‘২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৩:৩৯ পিএম


‘২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস’
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র  ১ মাস বাকি। এর আগেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যৎবানী দেওয়া। এর মাঝেই আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছে প্যানমোর লিব্রাম নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তাদের তৈরি বিশেষ মডেল অনুযায়ী, ডাচরা প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। 

এর আগে একই মডেল টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। ফুটবল বিশ্লেষণের বাইরে অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকের ভিত্তিতে এই পূর্বাভাস তৈরি করেছেন প্রতিষ্ঠানের কৌশলবিদ জোয়াকিম ক্লেমেন্ট। 

মাথাপিছু আয়, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র‌্যাঙ্কিংসহ বিভিন্ন উপাদান বিবেচনায় নিয়ে মডেলটি তৈরি করেন তিনি ।

আরও পড়ুন

ক্লেমেন্টের দাবি, এসব উপাদান একটি দলের পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ ব্যাখ্যা করতে সক্ষম। বাকি অংশ নির্ভর করে ভাগ্য ও ম্যাচ পরিস্থিতির ওপর।

এই মডেল এর আগে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিল। ফলে নতুন এই ভবিষ্যদ্বাণী নিয়েও ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়েছে।

মডেল অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এই দুই দল কখনো ফাইনালে মুখোমুখি হয়নি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, স্পেন, ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো এবার শিরোপা জিততে পারবে না।

আর্জেন্টিনাকে নিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, দলটি এখনো অনেকটাই নির্ভরশীল লিওনেল মেসির ওপর। মডেল অনুযায়ী, তারা কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় নিতে পারে। অন্যদিকে পর্তুগালও ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর নির্ভরশীল হলেও দলগত গভীরতায় এগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে।

প্রতিবেদনে আরও কিছু সম্ভাব্য অঘটনের কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রাজিলের শেষ ৩২ পর্বে জাপানের কাছে হারার সম্ভাবনা। এছাড়া স্পেন ও ইংল্যান্ডকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

ফাইনালে ওঠার পথে নেদারল্যান্ডসকে মরক্কো, কানাডা, ফ্রান্স ও স্পেনের মতো দলকে হারাতে হতে পারে বলে ধারণা করা হয়েছে। অন্যদিকে পর্তুগালের সামনে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ থাকার কথা বলা হয়েছে।

ইতিহাসও কিছুটা নেদারল্যান্ডসের পক্ষেই কথা বলে। ডাচরা এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি। এ কারণে তাদের অনেক সময় ‘বিশ্বকাপ না জেতা সেরা দল’ বলা হয়।

যদিও বাজির বাজারে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ ধরা হয়েছে, তারপরও প্যানমোর লিব্রামের এই পূর্বাভাস সম্ভাব্য বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission