ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়া নেইমার জুনিয়র আবারও চোটে পড়েছেন। তবে পায়ের কাফ অঞ্চলের এই চোট গুরুতর নয় বলে জানিয়েছে তার ক্লাব সান্তোস। সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোহাইব মনে করছেন, এই চোট নেইমারের বিশ্বকাপ দলে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের কাফ অঞ্চল সামান্য ফুলে গেছে। সান্তোসের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (২০ এপ্রিল) চোটের গভীরতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। রদ্রিগো জোহাইব স্পোর্টস নেটওয়ার্ট ‘গি’কে বলেন, ‘নেইমারের ছোট একটা কাফ ইনজুরি আছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সে জাতীয় দলে যোগ দিতে পারবে।’
ব্রাজিল দলে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে সান্তোস কর্তৃপক্ষ। বিশ্বকাপ ক্যাম্পের জন্য ফিট হিসেবে ব্রাজিল দলে যোগ দেওয়ার নির্ধারিত তারিখ আগামী ২৭ মে। বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নেইমারকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্লাবের পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।
গত রোববার (১৭ মে) করিতিবার বিপক্ষে ম্যাচ চলাকালীন এই চোটে পড়েন নেইমার। চোটের কারণে তিনি সান্তোসের হয়ে স্যান লরেঞ্জোর বিপক্ষে মাঠে নামতে পারেননি। আগামী ২৪ মে গ্রেমিওর বিপক্ষে অনুষ্ঠেয় লিগ ম্যাচটিতেও তার খেলা হচ্ছে না।
ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি গত ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন। নেইমারের দলে থাকা না-থাকা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ও আলোচনা চলছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনচেলত্তি তার ওপরই আস্থা রাখেন। দল ঘোষণার ঠিক দুদিন পরেই এই তারকা ফরোয়ার্ডের চোটের খবরটি সামনে এল। তবে সান্তোসের দেওয়া আশ্বস্ত বার্তায় স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।
আরটিভি/এআর




