আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নেইমারকে ব্রাজিল দলে রাখা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। তবে দল ঘোষণার আগে তাকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, সোমবার (১৮ মে) দিবাগত রাতে নেইমারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন আনচেলত্তি। ওই আলোচনায় তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার থাকলেও আগের মতো দলের ‘অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় চরিত্র’ আর নন তিনি।
প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ওই ভিডিও কলে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়েতানোও। সেখানে নেইমারকে জানানো হয়, তিনি আর দলের অধিনায়ক থাকবেন না এবং শুরুর একাদশেও তার জায়গা নিশ্চিত নয়।
আনচেলত্তি নাকি নেইমারকে জানান, তিনি ইতোমধ্যেই একটি নির্দিষ্ট স্টার্টিং একাদশ ঠিক করে রেখেছেন, যেখানে আপাতত নেইমার সরাসরি পরিকল্পনায় নেই। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য নতুন আচরণবিধিও চালু করা হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি সীমিত রাখার নির্দেশনাও রয়েছে, যাতে পুরো দল বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগী থাকতে পারে।
তবে কঠোর অবস্থানের মধ্যেও নেইমারের অভিজ্ঞতার প্রশংসা করেছেন আনচেলত্তি। তিনি বলেন, সে ফিটনেসে উন্নতি করেছে। এই বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার অভিজ্ঞতা তরুণদের জন্য বড় সহায়তা হবে।
আনচেলত্তি আরও বলেন, আমরা নেইমারকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবছি না। সে এক মিনিট খেলুক, পাঁচ মিনিট, ৯০ মিনিট বা পেনাল্টি যেভাবেই হোক দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্রের দাবি, নেইমার পুরো বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। ভিডিও কলে হাসিমুখে কোচিং স্টাফকে তিনি জানান, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় খেলতে প্রস্তুত আছেন। পরে স্কোয়াড ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবুজ-হলুদ হৃদয়ের ইমোজি দিয়ে কোচিং স্টাফকে শুভেচ্ছাও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি নেইমার। এবার তার প্রত্যাবর্তনকে ব্রাজিল দলে বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
আরটিভি/এসকে



