ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যখন তুঙ্গে, তখন মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ। বিশ্বজুড়ে আলোচনায় থাকা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের ফুটবলপ্রেমের গল্পকে সম্মান জানিয়ে তাকে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ করে দিতে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগের মাধ্যমে কেবল খেলাধুলার প্রতি ভালোবাসাই নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চায় গোল্ডস্যান্ডস গ্রুপ।
স্পেনের বিপক্ষে মাঠে বীরত্বগাথার রচয়িতা ভোজিনিয়ার মানবিক গল্প ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। ভোজিনিয়ার কষ্ট অনুভব করে তার মাকে যুক্তরাষ্ট্রে নিতে পাশে থাকতে চায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপার ও হসপিটালিটি ইনভেস্টমেন্ট কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ। পর্যটন খাতে আন্তর্জাতিক মানের রিসোর্ট ও হোটেল নির্মাণ এবং এর মালিকানায় বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।
সম্প্রতি এক টেলিভিশনে গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসেন বাহার বলেছেন, ভোজিনিয়া এখন জাতীয় বীর। পৃথিবীর মধ্যে একজন বীর। তার একটি ঘটনা আমাকে সাংঘাতিক পীড়া দিয়েছে। তার বিজয়ের হাসির কথা ছিল। কিন্তু সে কান্না করেছে। কাকে নিয়ে কান্না করেছে? মা-কে নিয়ে। যেটা আমাদের সবচেয়ে আবেগের জায়গা। ওই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি নিজেও একজন মা ভক্ত।
শাহাদাৎ আরও বলেন, আমি ভেবেছিলাম তার মা-তার সঙ্গে আছে। কিন্তু টাকার অভাবে সে তার মাকে খেলা দেখতে নিয়ে যেতে পারেননি। ভোজিনিয়া তার দেশকে জিতিয়েছে। কিন্তু মায়ের স্বপ্নকে সে বাস্তবে দেখাতে পারেননি। যেটা তার জন্য কষ্টের মুহূর্ত। ফুটবল আসলে কিন্তু শুধু গোলের খেলা কিংবা ট্রফির খেলা নয়। এটার সঙ্গে অনেক আবেগ যুক্ত।
তিনি আরও বলেন, আমি ফিফা ও বাফুফের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি ভোজিনিয়া তার মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চায় গোল্ডস্যান্ডস গ্রুপ তাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছে। আমরা সরাসরি যোগাযোগ করতে পারব না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ফিফা ও বাফুফেকে যদি অনুরোধ করি, তাকে মাঠে বসে খেলা দেখানোর জন্য যদি কোনো ধরনের সহযোগিতার দরকার হয় গোল্ডস্যান্ডস গ্রুপ প্রস্তুত আছে। ছেলের খেলা মাঠে বসে দেখতে পারে সেই সহযোগিতা আমরা করবো।
আরটিভি/এসকে



