নেপালের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৮:২৩ পিএম


নেপালের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের
নেপালের বিপক্ষে লড়াই করছেন বাংলাদেশের মেয়েরা। ছবি: কাবাডি ফেডারেশন

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই (৩-১) সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী কাবাডি দল।

মঙ্গলবার (২১ জুলাই) সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা শুরুতে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। 

আরও পড়ুন

এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলগত খেলার সামনে তা টিকেনি। 

খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট।

ঠিক পরপরই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission