আইপিএলে খেলার জন্য ক্রিকেট দুনিয়ার সব প্লেয়ারই একরকম মুখিয়ে থাকেন। তাই কাঁড়ি কাঁড়ি টাকা আর গ্ল্যামার, আধুনিক ক্রিকেটের এ যুগে আইপিএলের ডাক উপেক্ষা করা যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন।
তবে ব্যতিক্রম দেখা গেল দুই ইংলিশ ক্রিকেটারের ক্ষেত্রে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন টাং ও স্মিথ। তবে দুজনই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। খবর দ্য টেলিগ্রাফ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সবশেষ অ্যাশেজের দলে থাকা এই দুই ক্রিকেটার আইপিএলের পরিবর্তে ২০২৬ মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন। আজ শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম মৌসুম। সপ্তাহখানেক পরই শুরু হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ।
টাং ও স্মিথ দুজনই আইপিএলের মিনি নিলামে ‘রেজিস্টার্ড অ্যাভেইলেবল প্লেয়ার পুল’-এর অংশ ছিলেন। নিয়ম অনুযায়ী, চোট বদলি হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে বা চলাকালীন সময়ে তাঁদের দলে নেওয়ার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য।
তবে নিলামে অবিক্রিত থাকার পরও, সুযোগ থাকা সত্ত্বেও আইপিএল খেলার সুযোগ হাতছাড়া করলেন টাং ও স্মিথ। নিলামে স্মিথের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অন্যদিকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠেছিলেন টাং।
এবারের আইপিএলে অংশ নিচ্ছেন ইংল্যান্ডের ১২ ক্রিকেটার। গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দলে সমান তিনজন করে ইংলিশ ক্রিকেটার আছেন।
গুজরাট টাইটান্সের হয়ে দেখা যাবে জস বাটলার, টম ব্যান্টন ও লুক উডকে। বেঙ্গালুরুর হয়ে খেলবেন জ্যাকব বেথেল, জর্ডান কক্স ও ফিল সল্টকে। অন্যদিকে হায়দরাবাদের দলে রয়েছেন ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন ও ডেভিড পেইন।
এ ছাড়া উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্স, জফরা আর্চার রাজস্থান রয়্যালস এবং জেমি ওভারটনকে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে দেখা যাবে। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই রাজস্থান থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ তারকা স্যাম কারান। তার পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আরটিভি/এমআই



