চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্যের তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২৫ পিএম


চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্যের তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
ছবি: সংগৃহীত

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের জন্য পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের চাঁদপুর মহিলা সংসদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। 

বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) আয়োজনে এবং চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই কর্মশালায় অংশ নেওয়া ৩০ জন নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।‌ চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের সিটি এডিটর সাংবাদিক মিজান মালিক, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার, চাঁদপুর মহিলা সংসদের সাধারণ সম্পাদক ও উইমেন চেম্বারের পরিচালক বেবী আকন্দ, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, পাট শিল্প বাংলাদেশের সোনালী আঁশ বলে গোটা পৃথিবীতে খ্যাত ছিল। এই শিল্পকে কেন্দ্র করে চাঁদপুরে বৃহৎ আকারে দুটি পাটকল স্থাপন করা হয়। ওই সময়ে চাঁদপুরের পাট শিল্পের সুনাম গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কালের পরিক্রমায় বাংলাদেশের পাটশিল্প অনেকটাই বিলুপ্তের পথে। 

চাঁদপুরের দুটি পাটকলও খুঁড়েয়ে খুঁড়িয়ে চলছে। তবে গেল কয়েক বছর পাট শিল্প কিছুটা জৌলুস ফিরে পেয়েছে। সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন নিষিদ্ধ করেছে। এতে করে পাট শিল্পের বিপুল সম্ভাবনার দার উন্মোচিত হয়েছে। 

তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং চাঁদপুর উইমেন চেম্বার এর আয়োজনে স্থানীয় নারী উদ্যোক্তাদের নিয়ে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা এই প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের চাঁদপুরে নারী উদ্যোক্তারা অনেক বেশি উপকৃত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মিজান মালিক বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজনীয়তা রয়েছে। এখন প্রয়োজন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা। তাদের তৈরি পাটজাত পণ্য বিক্রয়, বিপণন এবং প্রদর্শনের ব্যবস্থা করা। 

এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা উইমেন চেম্বার পাশে আছি।

এ বিষয়ে চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মনিরা আক্তার বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী নারী আছে যারা নিজের অঙনে থেকেও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তাদের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। আমরা উইমেন চেম্বারের পক্ষ থেকে সে সব নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের যোগ্যতাকে কাজে লাগাতে চাই। 

আমরা চাই নারীরা তাদের যোগ্যতা নিয়ে নিজের পায়ে দাঁড়াক। আমরা আগামীতে এ ধরনের আরও প্রশিক্ষণ দিব এবং উদ্যোক্তাদের বানানো পণ্য বাজারজাত করার জন্য চেম্বারের পক্ষ থেকে  নানামুখী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাঁদপুরে শক্তিশালী পাঁচশত উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের পণ্য জাতিয় পর্যায় থেকে বিশ্ববাজারে যাবে। দেশ বিদেশ থেকে ক্রেতা আসবে পণ্য অর্ডার করতে। 

তিনি আরও জানান, দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে‌। যার অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদেরও এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য তানিয়া ইসলাম এবং রাখি মনি সিনহার যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা সুমাইয়া নাজমীন, ফাহিমা মাহজাবীন, উম্মে কুলসুম, তুষমি, সাদিয়া, মালিহা ইসলাম, অর্পিতা মজুমদার।

আরটিভি/এএএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission