ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামের এক বৃদ্ধ টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন৷
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আরফোজ আলী দেওড়া গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে৷ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালুর মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে রোববার বিকেলে উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যায়৷ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়ে এবং বেশ কয়েকজন আহত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আরটিভি/এএএ





