প্রবাসীর অর্থায়নে ফুলবাড়িয়ার ভেঙে যাওয়া রাস্তা মেরামত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৯:২৮ পিএম


প্রবাসীর অর্থায়নে ভেঙে যাওয়া রাস্তা মেরামত
ছবি : আরটিভি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের কেশরগঞ্জ এলাকায় ভেঙে যাওয়া রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করেছেন সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেন খান। পাশাপাশি এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছেন একটি কালভার্ট।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে অর্থ সহায়তা দিয়ে আসছেন। এর অংশ হিসেবে বাদীহাটি ঈদগাহ মাঠ, বড়খিলা ঈদগাহ মাঠ ও বড়খিলা ‘শেষ ঠিকানা’ গোরস্থানের গেট নির্মাণ করেছেন।

এছাড়াও পলাশীহাটা পশ্চিম পাড়া শ্রী শ্রী কালী মন্দিরের নির্মাণ কাজেও আর্থিক সহযোগিতা করেছেন তিনি।

আরও পড়ুন

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অবদান রেখেছেন সাদ্দাম হোসেন খান। তার উদ্যোগে স্থাপিত একটি ডায়াগনস্টিক সেন্টারে হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদেরও নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রবাসে অবস্থান করলেও দেশে তার পিতা ও ভাইয়েরা এসব কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।

সাদ্দাম খানের পিতা আলহাজ্ব জিন্নাহ খান বলেন, ২০১২ সালে তিনি ছেলে সাদ্দাম খানকে সিঙ্গাপুরে নিয়ে যান। প্রবাসে যাওয়ার পর থেকেই সাদ্দাম সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি যা উপার্জন করতেন, তার বড় একটি অংশ গরিব ও অসহায় মানুষের সহায়তায় ব্যয় করতেন।

তিনি বলেন, আমি মাঝে মাঝে তাকে বলতাম, তুমি যা উপার্জন করো সবই মানুষের জন্য খরচ করে দাও। তখন সে আমাকে বলত, বাবা আমি দেশের বাইরে থাকি, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি চাই আমার উপার্জনের টাকা নিজের এলাকার মানুষের কল্যাণে ব্যয় করতে।

এরপর থেকেই সাদ্দাম খান এলাকায় বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি দরিদ্রদের আর্থিক সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় বহন, একটি ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা, রাস্তা নির্মাণ, মসজিদের গেট নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজে নিজ অর্থ ব্যয় করছেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission