কোরবানির হাটে চমক, নড়াইলে ১১শ কেজির ‘বাহুবালী’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১০:০৪ পিএম


কোরবানির হাটে চমক, নড়াইলে ১১শ কেজির ‘বাহুবালী’
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলে জমে উঠেছে কোরবানির পশুর প্রস্তুতি। জেলার বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা ও বিক্রির তোড়জোড়। এরই মধ্যে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের রাহুল-রিয়া এগ্রো ফার্মের বিশাল আকৃতির ষাঁড় ‘বাহুবালী’ স্থানীয়দের নজর কেড়েছে।

প্রায় ১১শ কেজি ওজনের এই ফ্রিজিয়ান-সাহিওয়াল জাতের ষাঁড়টির দৈর্ঘ্য ১৪ ফুট এবং উচ্চতা প্রায় ৬ ফুট। বিশাল দেহ, শান্ত স্বভাব ও রাজকীয় গঠনের কারণে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ‘বাহুবালী’। কোরবানির হাটে গরুটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

খামার মালিক রিপন মিনা জানান, প্রায় আড়াই বছর ধরে স্ত্রী রোজিনা পারভীনের সঙ্গে সন্তানের মতো যত্নে লালন-পালন করেছেন বাহুবালীকে। প্রতিদিন গোসল, পুষ্টিকর খাবার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে বড় করা হয়েছে গরুটিকে।

তিনি বলেন, আমার খামারে আরও ২১টি গরু রয়েছে। তবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন বাহুবালী। এবারের কোরবানির হাটে গরুটির জন্য অন্তত ১০ লাখ টাকা দাম আশা করছি।

রোজিনা পারভীন বলেন, প্রায় আড়াই বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি হাট থেকে বাহুবালীকে কিনে আনি। তখন এর ওজন ছিল প্রায় ২০০ কেজি। ভালো খাবার ও যত্নে এখন এটি বিশাল আকৃতি ধারণ করেছে। স্বভাবে খুবই শান্ত বলেই সবাই সহজে কাছে যেতে পারে।

তিনি আরও জানান, বাহুবালীর খাদ্য তালিকায় রয়েছে খোল, ভুসি, খড়, চিটাগুড়, কাঁচা ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

স্থানীয়দের ভাষ্য, ‘বাহুবালী’ এখন শুধু খড়রিয়া গ্রামের আলোচনার বিষয় নয়; দূর-দূরান্ত থেকেও মানুষ গরুটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ গরুটির ওজন ও দাম নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।

নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, আমরা জেনেছি বাহুবালীই জেলার সবচেয়ে বড় গরু। খামারটি প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালন করছে। আশা করছি, খামারি ন্যায্যমূল্য পাবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission