কুড়িগ্রামে ৪ মাংস বিক্রেতাকে জরিমানা

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৩৪ এএম


কুড়িগ্রামে ৪ মাংস বিক্রেতাকে জরিমানা
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মাংস বিক্রির বৈধ লাইসেন্স না থাকা, পশু জবাইয়ের পূর্বে সরকারি ভেটেরিনারি সার্জন বা ডাক্তারের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র সংগ্রহ না করা এবং দোকানে মাংসের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাংসের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষার্থে এ ধরনের তদারকিমূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মওদুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission