কপাল পুড়ল ‘প্রাপ্তবয়স্কদের’ সেই সিনেমার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০২:৫৫ পিএম


কপাল পুড়ল ‘প্রাপ্তবয়স্কদের’ সেই সিনেমার
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত বাংলা ছবি ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’–এর কপাল শেষ পর্যন্ত পুড়েই গেল। ভারতের সার্টিফিকেশন বোর্ড ছবিটির ৫৪টি দৃশ্য সংশোধনের পর ‘অ্যাডাল্ট’ সনদ দিলেও, মুক্তির আগ মুহূর্তে ফেডারেশনের বাধায় থেমে গেল ছবিটির যাত্রা। সাম্প্রতিক সময়ের কলকাতা সিনেমায় এত দৃশ্য কাটছাঁটের পর ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়ার নজির নেই বললেই চলে- আর মুক্তি আটকানো তো আরও বিস্ময়কর। খবর জি নিউজের।

শুক্রবার মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ফেডারেশনের আপত্তি ছবির পুরো পরিকল্পনাকেই ভেস্তে দিয়েছে। এর জেরে টালিউডে চলছে এখন তুমুল আলোচনা।

পরিচালক জয়ব্রত দাশ জানান, ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধু এবং ছাত্রছাত্রীদের ক্রাউডফান্ডিংয়ে চার বছর ধরে ছবিটি তৈরি হয়েছে। প্রায় ২৫ লাখ রুপির বাজেটের এই ইনডিপেনডেন্ট সিনেমা তৈরি হয়েছিল ২০২১ সালে, কোভিড-পরবর্তী সময়ে এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের হাতে।

ফেডারেশনের দাবি, পশ্চিমবঙ্গের গিল্ডের কোনো শিল্পী বা টেকনিশিয়ান না নেওয়ায় ছবিটি নিয়ম ভেঙে তৈরি হয়েছে। তবে পরিচালক দাবি করছেন, তারা জানতেনই না এ ধরনের অনুমতি প্রয়োজন।

জয়ব্রতের ভাষায়, আমরা ছাত্রছাত্রীরা মিলে ছবি করেছি। স্পটবয় থেকে চিত্রগ্রাহক- সবাই ফিল্ম স্কুলের। ফেডারেশনের এত নিয়ম যে আছে, তা জানতাম না। এখন খুব উৎকণ্ঠায় আছি।

অভিনেতা রুদ্রনীল ঘোষ মনে করেন, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটে যাওয়া উচিত। তার বক্তব্য-আগেও গিল্ডের শিল্পী ছাড়াই ইনডিপেনডেন্ট ছবি তৈরি হয়েছে, পুরস্কারও পেয়েছে-যেমন ‘দোস্তজী’ বা গৌতম ঘোষের পুত্রের ছবি ‘ঝিল্লি’।

অভিনেতা সৌরভ দাস, যিনি ছবিতে অভিনয় করেছেন বিনা পারিশ্রমিকে, জানালেন- নিয়মের বিষয়টি তাদের জানা ছিল না। ছবিটা মুক্তি পাওয়া উচিত। এতে নতুন প্রজন্ম ইনডিপেনডেন্ট সিনেমা করতে উৎসাহ পাবে।

পরিবেশক পঙ্কজ লাডিয়াও জানিয়ে দিয়েছেন- সব পক্ষের আলোচনার সিদ্ধান্তেই তিনি চলবেন; মুক্তি না পেলেও মানতে হবে।

ছবিটির কাহিনিতে এক বিরল অ্যান্টিক মদের বোতলকে ঘিরে। সেই বোতল চুরির পরিকল্পনা করতে গিয়ে শুরু হয় প্রতারণা, পরকীয়া, চুরি-ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টানটান উত্তেজনা।

টালিপাড়ায় গুঞ্জন- বাংলা ছবিতে এত বোল্ড ও বিস্ফোরক যৌন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে। ফলে ছবিটি নিয়ে দর্শকদেরও প্রত্যাশা ছিল তুঙ্গে।

আরও পড়ুন

জয়ব্রত দাশ এটিকে বলেছেন, পাল্প অ্যাকশন থ্রিলার- ট্যারান্টিনোর প্রতি ভালোবাসা থেকে তৈরি। এর সঙ্গে রয়েছে কমেডির ছোঁয়াও।

বৃহস্পতিবার ফেডারেশন ও নির্মাতাদের বৈঠক নির্ধারিত হয়েছে। জয়ব্রতের বক্তব্য- ছবি মুক্তি পাক সেটাই চাই। না পেলেও ছবি তৈরি করা ছাড়ব না। বাংলা না হোক, অন্য ভাষায় করব।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission